উদ্যোক্তাদের ব্যয় সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার ও টার্নওভার করহার হ্রাস
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য আয়কর রিটার্ন ছাড়া সব ধরনের রিপোর্টিংয়ের বাধ্যবাধকতা হতে অব্যাহতি দেয়া হয়েছে। কমানোর প্রস্তাব দেয়া হেয়েছে টার্নওভার করহার কমানোর। প্রস্তাবনায় রয়েছে স্টার্টআপ কোম্পানির লোকসান ৯ বছর পর্যন্ত সমন্বয়ের বিষয়ও।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে পেশ করা বাজেট প্রস্তাবানায় এসব প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
হাইটেক পার্কের উন্নয়ন ও স্টার্টআপ সংস্কৃতির বিকাশ শিরোনামে প্রস্তাবনায় বলা হয়েছে, আইসিটি খাতের রপ্তানি ইতোমধ্যে ১.৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। সরকারের ভবিষ্যত পরিকল্পনা অনুযায়ী, এই আয় ২০২৫ সালে ৫ বিলিয়নে উন্নীত হবে। রপ্তানি বহুমুখী করণে ২০২২ সালকে আইসিটি পণ্য বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, ‘বর্তমান যুগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) যুগ। সরকার আইসিটি খাতকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে বহুমাত্রিক রূপ দেয়ার নিমিত্ত স্টার্টআপ উদ্যোগকে বিশেষ প্রণোদনা প্রদানের মাধ্যমে সম্প্রসারিত করা প্রয়োজন। এজন্য আন্তর্জাতিক পরিমন্ডলে প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসার প্রসার এর জন্য স্টার্টআপ উদ্যোক্তাদের ক্ষেত্রে ব্যয় সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার ও টার্নওভার করহার ০.৬০ শতাংশ এর পরিবর্তে ০.১ শতাংশ করার প্রস্তাব করছি।’
মধ্যমেয়াদী নীতি কৌশল হিসেবে আইসিটি নির্ভর উদ্যোগকে প্রাধান্য দেয়ার প্রস্তাব দিয়ে মন্ত্রী আরো বলেন, বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তি তৈরির প্রক্রিয়া অব্যাহত থাকবে। এ সকল উদ্যোগের মাধ্যমে আমরা জিডিপির কর্মসংস্থানের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে সক্ষম হবো যা সার্বিকভাবে আয় বৈষম্য হ্রাসে ভূমিকা রাখবে।